চলন্ত বাসে ছাত্রীর ওপর চড়াও হওয়া ‘চালকের সহকারী’ গ্রেপ্তার

অনলাইন ডেস্কঃ রাজধানীতে চলন্ত বাসে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় বাসচালকের সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাওসার আহম্মেদ (৩০) নামের চালকের ওই সহকারীকে আজ বৃহস্পতিবার বিকেলে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাতে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কুদরত-ই-খুদা তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। আগের দিন একই এলাকা থেকে বাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছিল।

একজন ছাত্রী আজিমপুরের বাসায় ফেরার উদ্দেশ্যে গত রোববার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি থেকে বিকাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে উঠে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে একপর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন।

সব যাত্রী নেমে যাওয়ায় পর বাসটিতে ওই ছাত্রী একাই ছিলেন। তখন বাসের লাইট বন্ধ করে চালকের সহকারী ওই ছাত্রীর ওপর চড়াও হন। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করেন। তিনি বাস থামাতে বললেও চালক শোনেননি। চালকের সহকারীকে প্রতিরোধের একপর্যায়ে ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন।

পরে ঘটনাটি তুলে ধরে ফেসবুকে একটি পোস্ট দেন ভুক্তভোগী ছাত্রী। সেটি ছড়িয়ে পড়লে লালবাগ থানা–পুলিশ এ বিষয়ে তৎপর হয়। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে বিকাশ পরিবহনের বাসটি শনাক্ত করা হয়। এ ঘটনায় লালবাগ থানায় একটি মামলা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *