
অনলাইন ডেস্কঃ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক অমিত হাবিব আর নেই। বৃহস্পতিবার রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ১১টার পরে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত ২১ জুলাই অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিত হাবিব। এ সময় দ্রুত তাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা স্থিতিশীল না হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাকে।
২০০৩ সালে দৈনিক যায়যায়দিন পত্রিকায় প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন খ্যাতিমান সাংবাদিক অমিত হাবিব। ২০০৭ সালে চীনের আন্তর্জাতিক বেতারে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে যোগ দিয়ে বেইজিংয়ে চলে যান। তবে পরের বছরই দেশে ফিরে দৈনিক সমকালে প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন তিনি। সর্বশেষ কর্মস্থল দেশ রূপান্তরের আগে সমকাল ছাড়াও দৈনিক কালের কণ্ঠ ও যায় যায় দিন পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন অমিত হাবিব।
