ট্রেনের ধাক্কায় নিহত ১১: ক্রসিংয়ের গেটম্যান আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে বড়তাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে ওই রেলক্রসিং এলাকা থেকে আটক করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সাদ্দামকে আটক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এছাড়া রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন জানান, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনছার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে।

কমিটির অপর চার সদস্য হলেন, বিভাগীয় নির্বাহী প্রকৌশলী-১ আবদুল হামিদ, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (লোকো) জাহিদ হাসান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট রেজানুর রহমান এবং বিভাগীয় মেডিক্যাল অফিসার (ডিএমও) মো. আনোয়ার হোসেন।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‌‌‌‘‘দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’’

তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনছার আলী বলেন, ‘‘এই দুর্ঘটনায় আমরাও মর্মাহত। ঘটনাটি কীভাবে ঘটেছে, কারা দোষী সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। তবে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট কোনো সময় বেঁধে না দিলেও যত দ্রুত সম্ভব তা দাখিল করা হবে।’’

তিনি আরও বলেন, ‘‘ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করেছি। তিন-চার দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিলের চেষ্টা করছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় মাইক্রোবাসটি রেললাইনে উঠে যায়। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছুটা দূরে চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।’’

এর আগে এর আগে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে মীরসরাইয়ের বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে মাইক্রোবাসটি। এতে ১১ জন নিহত হন। এ ঘটনায় আহত হন পাঁচ জন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘ট্রেন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি মর্মান্তিক। ঘটনা তদন্তের জন্য রেলওয়ের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট এবং বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট আলাদা দুটি কমিটি গঠন করেছি। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রকৃত ঘটনা সুষ্ঠুভাবে তদন্তের জন্য গেটম্যান সাদ্দাম হোসেনকে রেলওশে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।’’

জানা গেছে, আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, ‘‘ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। উদ্ধার তৎপরতা শেষ করেছে ফায়ার সার্ভিস। ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার মাইক্রোবাসটি নিয়ে গেছে ট্রেনটি। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।’’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *