
অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হলেন শামসুল হক টুকু। আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে কণ্ঠভোটে নির্বাচিত করা হয়। এর আগে সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ডেপুটি স্পিকার হিসেবে তার নাম প্রস্তাব করেন। পরে কামরুল ইসলাম (ঢাকা-২) তা সমর্থন করেন। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভোট দিলে তা কণ্ঠ ভোটে পাস হয়।
সন্ধ্যা ৭টায় ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেবেন শামসুল হক টুকু। জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তার চেম্বারে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানা গেছে।
এর আগে সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে এবং সংসদ ভবনের সংশ্লিষ্ট দফতর থেকে তাঁকে প্রস্তুতি নিয়ে আসার জন্য বলা হয়। নির্দেশনা পেয়ে সকাল সকালই তিনি সংসদে চলে আসেন।
২০১৯ সালের ৩০ জানুয়ারি ফজলে রাব্বী মিয়া একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। তার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদ এবং গাইবান্ধা-৫ আসন শূন্য হয়।
তবে অধিবেশন চলমান না থাকলে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকে তা পূর্ণ করার জন্য সংসদ সদস্যরা একজনকে নির্বাচিত করার বিধান রয়েছে। পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পাবনা-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০৯, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯-২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
