
অনলাইন ডেস্কঃ
কক্সবাজার সদরের খুরুশকুলে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে ফয়সাল উদ্দিন (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ফয়সাল সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি।
রবিবার (৩ জুলাই) সাড়ে ৬টার পর খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস। ফয়সাল খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হয়। সম্মেলনস্থলে ফয়সালের ওপর হামলার চেষ্টা চালানো হয়। ত্রিভুজ প্রেমের জেরে নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার স্বজনরা। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নুরুল হুদার বাড়ির সামনে অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনাও ঘটে
।
