#morningtribune#oilprice

দেশে জ্বালানি তেলের দাম কমালো সরকার

অনলাইন ডেস্কঃ

দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে জ্বালানি বিভাগ। নতুন সিদ্ধান্তে ডিজেল ও কেরোসিনের দাম  লিটারে ১০৯ টাকা। পেট্রোল ১২৫ এবং অকটেন ১৩০ টাকা করে কিনতে পাওয়া যাবে। সোমবার (২৯ আগস্ট) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 

গতকাল রবিবার (২৮ আগস্ট) ডিজেলের ওপর থেকে সব ধরনের আগাম কর মওকুফ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়।

গত ৫ আগস্ট রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করে। অকটেন ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ এবং পেট্রোল ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা লিটার করা হয়।

জ্বালানি তেলের দামের হঠাৎ এই বৃদ্ধিতে প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই বাড়তে থাকে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম। এতে দ্রব্যে লাগামহীন ঊর্ধ্বগতির চাপে দিশেহারা অবস্থা সাধারণ মানুষের।  এ নিয়ে গত কয়েকদির তুমুল আলোচনা-সমালোচনার পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার।

সোমবার রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ড রোববারের (২৮ আগস্ট) প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডিজেলের ওপর আরোপীয় সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের মূল্য সমন্বয় করা হয়েছে।

এতে আরও বলা হয়, সোমরাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের মধ্যে ভোক্তাপর্যায়ে খুচরা মূল্য প্রতি লিটার ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা ও পেট্রল ১২৫ টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছুটা কর কমানোয় জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হলো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

‘প্লাটস অনুসারে গত ২৬ আগস্ট প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ছিল ১৪৭ দশমিক ৬২ মার্কিন ডলার। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেলের মূল্য পড়ে ১২৮ দশমিক ৬১ টাকা। অর্থাৎ ১০৯ টাকা ধরে ডিজেল বিক্রয় করলে প্রতি লিটারে বিপিসির লোকসান হবে ১৯ দশমিক ৬১ টাকা।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *