#news

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ রাত ৯টায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির মেধাতালিকা আজ সোমবার (২০ জুন) প্রকাশ করা হবে। এদিন রাত ৯টায় নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া মুঠোফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানা যাবে।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, আমাদের ফল পুরোপুরি প্রস্তুত।  আজ রাত ৯টায় ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। ভর্তিচ্ছুরা মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে ফল জানতে পারবেন।

তিনি আরও জানান, ফল প্রকাশের পর থেকে ২৮ জুনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনার্স এপ্লিকেন্ট লগিন লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন নম্বর দিয়ে লগিন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ মে বিকাল ৪টা থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৯ জুন রাত ১২.০০টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলে। ১৮ দিন শেষে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে সর্বমোট ৫ লাখ ৪৮ হাজার ৪২৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৬০ হাজার ৮৮৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ১২ হাজার ৭৬৫ এবং মানবিকে ২ লাখ ৭৪ হাজার ৭৮২টি আবেদন পড়েছে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) পড়ানো হয় ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৬১৭টি। স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *