
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করতে গভীর রাতে আবাসিক হলে অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয় চবির আমানত হলে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ১২টা থেকে চবির আমানত হলে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, অভিযুক্তদের শনাক্ত করতে আমাদের অভিযান চলমান রয়েছে। গতকালও (বৃহস্পতিবার) বেশ কিছু জায়গায় অভিযান চালায় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন সুমন বলেন, রাত সাড়ে ১২টা থেকে চবির আমানত হলে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা হয়নি।
গত ১৭ জুলাই রাতে ক্যাম্পাসে এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে পাঁচ তরুণের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে কতৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে গত ২০ ও ২১ জুলাই দফায় দফায় আন্দোলন করে চবি শিক্ষার্থীরা। সর্বশেষ এ ঘটনায় জড়িত দুই জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তদন্তের স্বার্থে শনাক্তদের পরিচয় জানানো হয়নি।
