
মানুষ তার স্বপ্নের তার সমান বড়। কিন্ত তা কখনও ধরা দেয় আবার কখনও কাছেও এসেও ধরা দেয় না তেমনি একজন বেলায়েত শেখ। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত হাসেন আলী শেখ ও জয়গন বিবির ছেলে বেলায়েত শেখ। চলতি বছর তিনি এইচএসসি (ভোকেশনাল) পাশ করেন ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে। এর আগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে দাখিল (ভোকেশনাল) পাশ করেন। আর্থিক দুরবস্থায় উচ্চশিক্ষায় যতি পড়ার পর বয়স পেরিয়েছে পঞ্চাশ। জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে পঞ্চান্ন বছর বয়সে পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়েভর্তি পরীক্ষায় বসেছিলেন । তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল।
৫৫ বছর বয়সে পরীক্ষায় অংশ নেওয়া আলোচিত সেই বেলায়েত শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে তিনি উত্তীর্ণ হতে পারেননি।
বহুনির্বাচনি পরীক্ষায় তিনি বাংলায় ২, ইংরেজিতে ২.৭৫, সাধারণ জ্ঞানে ৩.২৫ সহ মোট ৮ নম্বর পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বহুনির্বাচনি অংশে পাস নম্বরের কোটাও পূরণ করতে পারেননি তিনি। ফলে তার খাতা লিখিত অংশের দ্বিতীয় ধাপে যায়নি। পরীক্ষায় তার মোট নম্বর ২৬.২। এর মধ্যে ১৮.২ এইচএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের নম্বর। তার সঙ্গে যোগ হয়েছে বহুনির্বাচনি পরীক্ষায় প্রাপ্ত নম্বর।
বেলায়েত শেখ গত ১৯ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করেন। এরপরই গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শোরগোল পড়ে যায়।সবাই তাকে শুভেচ্ছা ও শুভ কামনা জানান।

পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে বেলায়েত শেখ বলেছিলেন, আমি ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। বাবা অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারিনি। ২০১৭ সালে আমি আবার নবম শ্রেণিতে ভর্তি হই। ২০১৯ সালে ঢাকার দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে ৪.৪৩ ও ২০২১ সালে মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪.৫৮ নিয়ে এইচএসসি পাস করি। আমার রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শর্ত পূরণ করায় আবেদন করি।
বেলায়েত শেখের ভাষ্যমতে , তার স্বপ্ন ছিল সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। অনেক আশা ছিল তাদের নিয়ে। কিন্তু তিন সন্তানের কেউই তা পূরণ করতে পারেনি। সেই ক্ষোভ থেকে ২০১৯ সালে এসএসসি আর ২০২১ সালে এইচএসসি পরীক্ষা দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচ্চ শিক্ষা লাভের আশায়। কিন্তু তার ঢাবিতে পড়ার সাধ অপূর্ণই থেকে গেল।
তার পরবর্তী পরিকল্পনার ব্যাপারে জানতে চাইলে বেলায়েত শেখ জানান, তার চেষ্টা অব্যাহত থাকবে। সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তিনি আশাবাদী, দেশের যেকোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন।
