
গাজীপুর প্রতিনিধিঃ
পদ্মা বহুমুখী সেতুর উদ্ধোধন উপলক্ষে আজ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ উৎসব উদযাপন করেছে।বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলম আহমেদের ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে আজ এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা বহুমুখী সেতুর উদ্ধোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।কাপাসিয়ার সর্বস্তরের জনগণ এই ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তকে প্রত্যক্ষ করতে এবং আনন্দ উল্লাস পালন করতে এই আনন্দ উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদ।বক্তারা তাদের বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও মরিয়ম গ্রুপের চেয়ারম্যান জনাব আলম আহমেদ বলেন,”বিশ্বব্যাংকের অসহযোগিতা ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিন পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে পুরো বিশ্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।বিশ্ব দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন,”কাপাসিয়ার সর্বস্তরের জনগণ আজ অত্যন্ত খুশি ও আনন্দিত।আর তারই বহিঃপ্রকাশ আজকের এই উৎসবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।”
জনাব আলম আহমেদ কাপাসিয়ার মানুষের জন্য তার অকৃত্রিম ভালবাসা ও সহানুভূতির কথা উল্লেখ করেন এবং অতীতের ন্যায় কাপাসিয়া সকল শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আনন্দ উৎসব শুরু হয় এবং কাপাসিয়ার সর্বস্তরের জনগণের মাঝে মিষ্টি ও খাবার বিতরণ করা হয়।
