দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২২ এর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ০৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো ভারত। রবিবার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় রোহিত শর্মা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে বাবর আজমের পাকিস্তান। ভারত-পাকিস্তান মহাযুদ্ধে শেষ হাসিটা ভারতই হাসল ।
জয়ের জন্য মাঠে নেমে প্রথম ওভারেই কে এল রাহুলের উইকেট হারায় ভারত। ওভারের দ্বিতীয় বলে অভিষিক্ত নাসিম শাহ বোল্ড করে রাহুলকে সাজঘরে ফেরান।
এরপর ৪৯ রানের জুটিতে দলের ধাক্কা সামলান অধিনায়ক রোহিত শর্মা ও অভিজ্ঞ খেলোয়াড় বিরাট কোহলি। রোহিতকে ১২ রানে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন inমোহাম্মদ নেওয়াজ। এরপর বোলিং করতে এসে প্রথম বলেই কোহলিকে ৩৫ রানে ফিরিয়ে পাকিস্তানকে চালকের আসনে বসান নেওয়াজ। জাদেজা ও সূর্যকুমার যাদব মিলে ৩১ বল খেলে করেন ৩৬ রান। নাসিম শাহ তাঁর দ্বিতীয় ওভারের প্রথম বলেই বোল্ড করে ১৮ রানে যাদবকে সাজঘরে পাঠিয়ে দেন।
পঞ্চম জুটিতে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ম্যাচ নিজেদের করে নেন জাদেজা।এই দুজনে মিলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। কিন্তু জয় থেকে মাত্র ছয় রান দূরে থাকতে নেওয়াজের বলে বোল্ড হয়ে সাজঘরের দিকে হাঁটা দেন জাদেজা। আউট হবার আগে জাদেজা করেন ৩৫ রান।
কিন্তু মূল কাজটা করেন হার্দিক। শেষ ওভারের চতুর্থ বলে নেওয়াজকে ছক্কা হাঁকিয়ে তুলে নেন সেই কাঙ্ক্ষিত জয়। পাকিস্তানের পক্ষে ৩ উইকেট তুলে নেন নেওয়াজ।আর ২ উইকেট নেন নাসিম শাহ।
এর আগে, টস জিতে পাকিস্তাঙ্কে আগে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলারদের দাপটে এদিন ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভুবনেশ্বর কুমার একাই তুলে নিলেন চার উইকেট, হার্দিক পাণ্ডিয়া নেন তিন উইকেট। দু'টি উইকেট নেন অর্শদীপ সিং। একটি উইকেট নেন এল আবেশ খান। এদিন ভারতীয় দলের বোলাররা মূলত শর্ট বলেই পাকিস্তানকে আটকে ফেলে।
ব্যাট করতে নেমে পাকিস্তান ৬ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে ৪২ রান করে। মহম্মদ রিজওয়ান ও বাবর ওপেন করতে মাঠে নামে। ৯ বলে ১০ রান করে বাবর ফিরে যান ডাগআউটে। ভুবনেশ্বর কুমারের বলে অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। বাবর ফেরার পর তিনে ব্যাট করতে এসেছিলেন ফখর জামান। মাত্র ৬ বল খেলে ১০ রান করে আউট হয়ে যান তিনি। আবেশ খানের বলে খোঁচা দিয়ে উইকেটের পিছনে দীনেশ কার্তিকের হাতে ধরা পড়ে যান। কিন্তু দুবাইয়ের গ্যালারির কান ফাটা চিৎকারের জন্য ব্যাটে-বলের আওয়াজ শুনতে পারেননি দীনেশ থেকে শুরু করে ভারতীয় দলের কোনও ক্রিকেটারই। তবে ফখর স্পোর্টসম্যান স্পিরিটের পরিচয় দিয়ে কোনও রকম আবেদনের অপেক্ষা না করেই ক্রিজ ছেড়ে ডাগআউটের দিকে হাঁটা দেন। তাঁর এই আচরণ দেখে মোহিত হয়েছে বাইশ গজ।
ফখর আউট হওয়ার পর চারে আসেন ইফতিখার আহমেদ। তিনি রিজওয়ানের সাথে জুটি করার চেষ্টা করেন। ৩৮ বলে ৪৫ রান করেন তাঁরা। ২২ বল খেলে ২৮ রান করে ইফতিখার ফিরে যান সাজঘরে। হার্দিকের বলে কার্তিকের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর রিজওয়ানও ফিরে যান সাজঘরে। ৪২ বলে ৪৩ রান করেন তিনি। রিজওয়ান ফিরে যাওয়ার পর পাকিস্তানের কোনও ব্যাটার আর দলকে সামনে টেনে নিয়ে যেতে পারেনি।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.