অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরার জসিম উদ্দীন রোডে নির্মাণাধীন বিআরটি ফ্লাইওভারের গার্ডার চাপায় প্রাইভেটকারে থাকা শিশুসহ পাঁচজন নিহতের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সোমবার (১৫ আগস্ট) রাতে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন দুর্ঘটনায় ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব (আরবান ট্রান্সপোর্ট অনুবিভাগ) নীলিমা আখতারকে প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিকে একদিনের মধ্যে প্রাথমিক ও দুদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরার জসীম উদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত স্বজনরা জানান, শরিয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা ও আহত হৃদয়ের বাবা মো. রুবেল (বর্তমান ঠিকানা- কাওলা) গাড়িটি চালাচ্ছিলেন। গত শনিবার হৃদয়-রিয়ামনির বিয়ে হয়েছে। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে নিজেই গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।
সোমবার বিকেলে স্বজনেরা নবদম্পতিকে নিয়ে কনের বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরার জসিমউদ্দিন মোড় সংলগ্ন সড়কে বিআরটির প্রকল্পের গার্ডার পড়ে তাদের প্রাইভেটকারের ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। আহত হয় দুইজন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) আশিকুর রহমান গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, তারা একটি বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বক্সগার্ডার ওঠানোর সময় ভারসাম্য রাখতে না পারায় বহনকারী ক্রেন একদিকে কাত হয়ে যায়। তখন গার্ডারটি গাজীপুরগামী একটি প্রাইভেট কারের ওপর পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের ওপর পড়ে গেলে সাতজন চাপা পড়েন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানিয়েছেন, গাড়ির মালিক রুবেল (৫০), ফাহিমা (৪২), ঝর্না (২৮), দুই শিশু জান্নাত (৬) ও জাকারিয়া (২) গাড়ির ভেতরেই চাপা পড়েছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে গার্ডার সরানোর পর তাদের লাশ উদ্ধার করা হয়।
সম্পাদক: ড. রহমান মাসুক অফিস: ১২৯,এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫। ফোন ও ইমেইল (নিউজরুম): ০১৫৫৮১০৪১৬১; morningtribune@yahoo.com
Copyright © 2026 Morning Tribune. All rights reserved.